আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : গতকাল পাকিস্তানের করাচী শহরের ‘পাসেবানে আযা’ –শোক মিছিল ও এতে অংশগ্রহণকারীদের নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালনকারী দল- এর প্রধান ‘আগা আসকারী রেজা’ সিপাহে সাহাবা সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করেছেন।
তিনি গতকাল (৩১শে ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭ টায় তার বন্ধু ‘সালমান আলী মাহদী’র সাথে মসজিদের দিকে যাচ্ছিলেন। তারা ‘গুলশান’ চৌরাস্তার নিকটে পৌঁছালে সিপাহে সাহাবা’র সন্ত্রাসীরা তাদের উপর আকস্মিক হামলা চালায়, এতে তারা উভয়েই গুরুতর আহত হয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলেও চিরাচরিত নিয়ম অনুযায়ী তাদের পৌঁছানোর পূর্বে হামলাকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়!
গুরুতর আহত এ দুই শিয়া ব্যক্তিত্বকে অনতিবিলম্বে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু দুঃখজনকভাবে চিকিত্সকদের আপ্রাণ চেষ্টা ও আসকারী রেজার উপর দীর্ঘ দুই ঘন্টা অপারেশন চালানোর পর তিনি শাহাদাত বরণ করেন। জনাব আসকারীর মাথায় তিনটি গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হয়ে শাহাদাত বরণ করেছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।
শিয়া এ ব্যক্তিত্বের শাহাদাত করাচীর আহলে বাইত (আ.) এর অনুসারীদের উপর কঠিন এক আঘাত হিসেবে গন্য হচ্ছে। তার শাহাদাতের খবর ছড়িয়ে পড়ার পর বিপুল সংখ্যক আহলে বাইত (আ.) এর অনুসারী হাসপাতাল সম্মুখে ভীড় জমায়। এ সময় তারা ‘ইয়া ইমামে যামান, আল আজাল আল আজাল’ ও ‘ইয়া হুসাইন’ শ্লোগান দিতে থাকে। এ ঘটনায় আহত সালমানের অবস্থা এখনো আশংকা মুক্ত নয়।
এদিকে গত পরশু (শুক্রবার) এদেশের লাহোর শহরে ইমাম হুসাইন (আ.) এর শোক পালনের অপরাধে নিষিদ্ধ সিপাহে সাহাবা সন্ত্রাসী দলের সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছে শিয়ারা। এ হামলায় ১০ জন শিয়া মুসলিম আহত হয়েছে যাদের মধ্যে বেশ কয়েকজন সাংবাদিকও রয়েছে।
বলাবাহুল্য, ২০১১ সালের ডিসেম্বর মাসে জনাব আসকারী রেজার শাহাদাতের মধ্য দিয়ে পাকিস্তানের বিভিন্ন সন্ত্রাসী হামলায় শাহাদাত বরণকারী শিয়াদের সংখ্যা ২০-এ পৌঁছেছে। এতদসত্ত্বেও পাকিস্তান সরকার এ সকল সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার বা তাদের বিরুদ্ধে কোনরূপ কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হয়েছে।#